তারেক মাসুদ স্মরণে...

আপডেট : ১৪ আগস্ট ২০১৫, ০৩:৫৯

গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে উদ্বোধন করা হয় ‘তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী ও স্মরণ অনুষ্ঠান। তারেক মাসুদের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে আয়োজন করে অনুষ্ঠানটি।

 
অনুষ্ঠানে তারেক মাসুদের ‘রানওয়ে’ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নরসুন্দর’ প্রদর্শন করা হয়। তারেক মাসুদের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিরা।
 
এছাড়া আগামী ১৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্রও তাকে নিয়ে একটি স্মরণসভার আয়োজন করবে।
 
তাতে ক্যাথরিন মাসুদ তারেক মাসুদের প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র ভাবনা নিয়ে আলোচনা করবেন বলে জানা যায়।
 
উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট শুটিং লোকেশন দেখে ঢাকায় ফেরার পথে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুড়ির কাছে এক সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও তার সঙ্গে থাকা সাংবাদিক ও চিত্রগ্রাহক মিশুক মুনীর প্রাণ হারান। একই দুর্ঘটনায় মারা যান আরও তিনজন।