জোড়া খুনে রনির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আদালত

আপডেট : ১৪ আগস্ট ২০১৫, ০৪:০৬

জোড়া খুনের মামলায় মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার মামলার ধার্য তারিখে এমপিপুত্র রনিকে একমাত্র আসামি করে দাখিল করা অভিযোগপত্রটি ঢাকার মহানগর হাকিম আমিনুল হকের আদালতে উপস্থাপন করা হলে বিচারক আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেন। বিচারক পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নথি সিএমএম আদালতে পাঠিয়ে দেন।

 
গত ২১ জুলাই রমনা থানার প্রসিকিউশন শাখায় অভিযোগপত্রটি দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক দীপক কুমার দাস।
 
রনির গাড়ির ড্রাইভার ইমরান ফকিরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার্জশিটে তাকে অব্যাহতি দেয়ার জন্য সুপারিশ করা হয়েছে। তবে হাকিমের কাছে স্বীকারোক্তি দেয়া ইমরান ও রনির দুই বন্ধুসহ তিনজনকে চার্জশিটে সাক্ষী করা হয়েছে। 
 
অভিযোগপত্রে বলা হয়, রনি তার মায়ের প্রাডো জিপ থেকে নেমে কোন কারণ ছাড়াই নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। আদালতে স্বীকারোক্তি না দিলেও রনি তা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এছাড়া, রনির ড্রাইভার, তার দুই বন্ধুর সাক্ষী এবং ব্যালিস্টিক রিপোর্টে এ বিষয়টি সুস্পষ্ট।
 

গত ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটন রোডের ওই ঘটনায় গুলিবিদ্ধ মধুবাগ এলাকার রিকশাচালক আবদুল হাকিম গত ১৫ এপ্রিল এবং দৈনিক জনকণ্ঠ পত্রিকার সিএনজি অটোরিকশাচালক ইয়াকুব আলী গত ২৩ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। ১৬ এপ্রিল নিহত হাকিমের মা মনোয়ারা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে রমনা থানায় মামলাটি করেন।