ব্লগার হত্যা তদন্তের সব তথ্য প্রকাশ্য নয়: জয়

আপডেট : ১৪ আগস্ট ২০১৫, ০৯:১৬


প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ব্লগার হত্যায় জড়িতদের ধরতে ব্যর্থতার এবং তদন্তের স্বার্থে ‘অনেক তথ্যই’ তারা প্রকাশ করেননি। বৃহস্পতিবার ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমরা কয়েকজনকে গ্রেফতার করেছি এবং তদন্ত কার্যক্রম এখনও চলছে। আমরা বেশ কিছু তথ্য উন্মুক্ত করিনি যেন তদন্তগুলো ক্ষতিগ্রস্ত না হয়।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কারণে তারা ‘দুর্বল’ হয়ে বিচ্ছিন্নভাবে ব্লগারদের উপর হামলা চালাচ্ছে বলে মনে করেন সজীব ওয়াজেদ জয়।

তিনি বলেন, বাস্তবতা হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সফল যুদ্ধের কারণেই ব্লগারদের এই হত্যাকাণ্ডের মত ঘটনাগুলো ঘটেছে। সন্ত্রাসীরা ব্যাপক আকারে হামলা চালাতে ব্যর্থ হয়েই এসব বিচ্ছিন্ন হামলা চালিয়েছে। এ ধরনের একক পরিকল্পনাগুলো উন্মোচন করাটা গোয়েন্দা সংস্থাগুলোর জন্য অপেক্ষাকৃত বেশি 'কঠিন’ মন্তব্য করে দ্রুত খুনিদের গ্রেফতার দাবিকারীদের ‘বোকা’ বলেছেন তিনি।

জয় লিখেছেন, “যেসব লোকেরা তাত্ক্ষণিক গ্রেফতার দাবি করেন তারা অবুঝ বোকা লোক।”

একের পর এক ব্লগার হত্যা এবং বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ‍ও পুলিশ প্রধানের ওই বক্তব্যের প্রেক্ষাপটে বাক স্বাধীনতা রক্ষায় সরকারের ভূমিকা নিয়ে নানা মহল থেকে সমালোচনা হচ্ছে।

সমালোচনাকারীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “ভালো উদ্দেশ্য নিয়ে কিন্তু বিভ্রান্ত কিছু মানুষ আমাদের আওয়ামী লীগ সরকারকে দোষারোপ করার চেষ্টা করছেন এই জন্য যে, সম্প্রতি আমাদের দেশে হত্যার শিকার হওয়া ৪ জন ব্লগারের বিষয়ে কিছুই করছি না। এই মানুষগুলো মনে হচ্ছে কিছুই বুঝতে চাইছেন না। “কাদের গ্রেফতার করা উচিত আমাদের? যাকে তাকে খেয়াল খুশিমত আমরা গ্রেফতার করতে পারি না। আমাদের গ্রেফতার করতে হবে খুনিদের। আমাদের তদন্ত তাদের দিকেই ধাবিত হচ্ছে এবং অবস্থান চিহ্নিত হওয়া মাত্র তাদের আমরা গ্রেফতার করব।

কারো কাছে খুনিদের বিষয়ে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানাতে অনুরোধ জানিয়েছেন তিনি। যদি তাদের পরিচয় এবং কোথায় আছে তা না জানেন তাহলে বিষয়টা পেশাদারদের ওপর ছেড়ে দিন,” খুনি গ্রেফতারের দাবিতে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন তিনি।