যৌন নিপীড়নের অভিযোগে জবি শিক্ষকের শাস্তি

আপডেট : ১৪ আগস্ট ২০১৫, ০৯:৩৮
ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)  অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের শিক্ষক মো. সাখাওয়াত হোসেনকে পদাবনতি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।  
 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান জানান, শাস্তি হিসেবে শিক্ষক মো. সাখাওয়াত হোসেনকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক করা হয়েছে।
 
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৬৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।
 
উপাচার্য বলেন, সাখাওয়াত হোসেনকে সহযোগী অধ্যাপক থেকে অবনমন করে সহকারী অধ্যাপক করা হয়েছে। এছাড়া পরবর্তী দুই বছর পদোন্নতির ব্যাপারে তিনি কোনও আবেদন করতে পারবেন না। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি বাধ্যতামূলক ছুটিতে থাকবেন।
 
সাখাওয়াত হোসেন গত ২৩ এপ্রিল বিভাগের দশম ব্যাচের এক শিক্ষার্থীকে তার কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার তিন দিন পর ওই ছাত্রীসহ তার বাবা-মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছিলেন।