জাতীয় শোক দিবসে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভুয়া জন্মদিন পালন করলে তা প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছে কয়েকটি সংগঠন।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন থেকে সংগঠনগুলোর নেতারা এই ঘোষণা দেন।
সহযোদ্ধা মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ আওয়ামী প্রচার ও প্রকাশনা লীগ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান ও জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটি এ মানববন্ধনের আয়োজন করে।
বক্তারা বলেন, ১৫ আগস্ট জাতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। এই দিনে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। জাতির এ শোকের দিনে খালেদা জিয়া ভুয়া জন্মদিন পালন করে জাতির জনককে অসম্মান করছেন। এটা কোনোভাবেই হতে দেয়া যায় না।
তারা আরও বলেন, খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন প্রতিহত করে একই সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী যথাযথভাবে পালন করা হবে।
