পিকাসোর চুরি হওয়া চিত্রকর্ম ফেরত দিল যুক্তরাষ্ট্র

আপডেট : ১৪ আগস্ট ২০১৫, ১২:১৮
বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর চুরি যাওয়া একটি চিত্রকর্ম যুক্তরাষ্ট্র ফ্রান্সকে ফেরত দিয়েছে। ১৪ বছর আগে প্যারিসের একটি জাদুঘর থেকে এটি চুরি হয়। চিত্রকর্মটির নাম ‘দ্য হেয়ারড্রেসার’। ১৯১১ সালে আঁকা এই তেলচিত্রের বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। ২০০১ সালে পিকাসোর মূল্যবান এই চিত্রকর্ম চুরি হয়ে যায়।
 
২০১৪ সালে বেলজিয়াম থেকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মালবাহী জাহাজে অন্যান্য মালপত্রের সঙ্গে এটি পাঠানো হয়। তখন বন্দর কর্তৃপক্ষ এটি শনাক্ত করে। হস্তশিল্প হিসেবে দেখানো হয় এটি। যার মোড়কের লেবেলে এর মূল্য লেখা ছিল মাত্র ৩৭ মার্কিন ডলার।
 
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন অভিবাসন ও কাস্টম কর্মকর্তারা দেশটিতে অবস্থিত ফ্রান্সের দূতাবাসে ফরাসি রাষ্ট্রদূতের কাছে এটি হস্তান্তর করে। এ সময় প্রতিক্রিয়া জানাতে গিয়ে সারা সালদানা নামে এক মার্কিন কর্মকর্তা বলেন, আমরা খুবই অনন্দিত। সারা বিশ্বের মানুষ আবারও এটি দেখতে পাবে।