গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চাপ্তা নামক স্থান থেকে গত বৃহস্পতিবার গভীর রাতে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে কাশিয়ানী থানা পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের চাপ্তা নামক স্থানে সরাফত উজিরের বাড়ির পূর্বপাশে কাশবনের মধ্যে ডাকাতির প্রস্তুতির নিচ্ছিল ডাকাতরা। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে চাকু-ছোরা, চাপাতি, সেলাই রেঞ্জ ও বোমাসহ পাঁচ ডাকাতকে থানা পুলিশ গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- ফরিদপুর জেলার ভাংগা থানার ডোরকুন্দি গ্রামের কাদির হাওলাদারের ছেলে সাগর হাওরাদার (৩৫), পিরোজপুর জেলার পাকুরিয়া গ্রামের সোহেল সর্দারের ছেলে সুমন সর্দার (২৫), একই জেলার কলাখালি গ্রামের ইছাহাক শেখের ছেলে আনোয়ার শেখ (৩৫), খুলনা জেলার দিঘলিয়া থানার চন্দনী মহল গ্রামের মো. লুৎফার শেখের ছেলে মুন্না শেখ (২৮), খুলনা ফুল মার্কেট এলাকার মো. আমির হোসেনের ছেলে আতিকুর রহমান (৩৫)।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং তাদের নামে কাশিয়ানী থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাদের নামে ডাকাতি মামলা রুজু করে শুক্রবার জেল হাজতে পাঠানো হয়েছে।
