বজ্রপাতে বিকল হওয়ায় পাবনার চাটমোহর, ফরিদপুর ও সুজানগর উপজেলার তিনটি টেলিফোন একচেঞ্জ টানা ১৬ দিন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ কারণে এসব উপজেলার টেলিকম সেবা গ্রহণকারী শতশত গ্রাহক বিপাকে পড়েছেন।
পাবনা টেলিফোন অফিস সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই বজ্রপাতে টিএন্ডটি পাবনা অফিসের একটি ডিজিটাল সুইসিং নেটওয়ার্ক ইন্টার কেস (ডিএসএনআইসি) পুড়ে যায়। এতে তাৎক্ষণিকভাবে চাটমোহর, ফরিদপুর এবং সুজানগর টেলিফোন একচেঞ্জের সব সংযোগ বন্ধ হয়ে যায়। যন্ত্রাংশের অভাবে সংযোগগুলো চালু করা সম্ভব হচ্ছে না। ফলে সরকারি প্রতিষ্ঠানসহ ব্যাংক, বীমা, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানের টেলিফোন গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন।
এ ব্যাপারে পাবনা টিএন্ডটি’র সহকারী প্রকৌশলী (টেলিকম) সানোয়ার হোসেন শুক্রবার এই প্রতিনিধিকে জানান, বজ্রপাতের কারণে ডিএসএনআইসি বিকল হওয়ায় তিনটি উপজেলার টেলিফোন সংযোগ বন্ধ রয়েছে। ক’দিন প্রকৌশলী দিয়ে মেরামতের জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু কোন রেজাল্ট পাওয়া যাচ্ছে না। আমরা এটার জন্য ঢাকায় চিঠি পাঠিয়েছি। তবে বাংলাদেশের কোথাও ওই যন্ত্রাংশ নেই। তাই বিদেশে যোগাযোগ করা হচ্ছে। বিদেশ থেকে নতুন করে আনার পরে টেলিফোন সংযোগ স্বাভাবিক হবে বলে জানান তিনি।
তবে কবে নাগাদ ওই তিন উপজেলা টেলিফোন একচেঞ্জের সংযোগ চালু হতে পারে তা তিনি জানাতে পারেননি।
