সুদানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনায় সাতজন নিহত এবং আহত হয়েছে আরো ১৩ জন। দেশটির দক্ষিণ দারফুর প্রদেশে বৃহস্পতিবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। সুদান ট্রিবিউনের খবরে একথা জানা গেছে। খবর সিনহুয়া’র।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ দারফুরের রাজধানী নায়ালা থেকে ৯০ কিলোমিটার দূরে বুরামে ফালাতা ও আল-সালামাত উপজাতিদের মধ্যে সংঘর্ষ হয়।
আল-সালামাত উপজাতিদের সুরা কাউন্সিলের উপ-চেয়ারম্যান জানান, ফালাতাদের থেকে একদল শসস্ত্র লোক তাদের এলাকায় ঢুকে পড়ে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৭ জন নিহত হয় এবং আহত হয় ১০ এর অধিক।
ফালাতাদের সুরা কাউন্সিল চেয়ারম্যান আব্দাল্লাহ মোহাম্মদ আরসো বলেন, পূর্বের তিক্ততা এবং উত্তেজনাই নতুন করে এ সহিংসতার জন্ম দিয়েছে। তবে আহতদের সংখ্যা আরো বাড়তে পারে। গত মার্চে এ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৬৭ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়।
