ভারতের হায়দ্রাবাদে হরকাতুল জিহাদ আল-ইসলামির (হুজি) চার সন্দেহভাজন কর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে দুইজন বাংলাদেশি রয়েছেন। শুক্রবার তাদের আটক করা হয় বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, আটককৃতদের বাকি বাকি দুইজনের মধ্যে একজন পাকিস্তানি ও একজন মিয়ানমারের নাগরিক।
পুলিশ জানিয়েছে, চঞ্চলগুড়া এলাকায় একটি বাড়িতে পাকিস্তানি নাগরিক মোহাম্মদ নাজিরসহ চারজন দুই মাস আত্মগোপন করে আছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। নাজির পাঁচ বছর ধরে ভারতে আছেন। আটককৃতদের কার্যকলাপ ও হুজি’র সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।
স্থানীয় দুইজনের সহায়তায় আটক চারজনই ভুয়া পাসপোর্ট ব্যবহার করে হায়দ্রবাদে অবস্থান করছিলেন। অভিযানে সন্দেহজনক কিছু জিনিসও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
