মোটরসাইকেল ছিনতাইয়ের ফাঁদ: ব্যবসায়ী খুন

আপডেট : ১৪ আগস্ট ২০১৫, ১৬:৩৩
জেলার বড়াইগ্রাম উপজেলায় মোটরসাইকেল ছিনতাইয়ের সময় আরিফুল ইসলাম (৩০) নামে এক গার্মেন্টস ব্যবসায়ী খুন হয়েছেন। এ সময় নাজমুল ইসলাম নামে অপর এক ব্যবসায়ী আহত হয়েছেন। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
 
পুলিশ ও নিহতের স্বজনেরা জানায়, উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের টুনিপাড়া গ্রামের গার্মেন্টস ব্যবসায়ী নাজমুল ইসলামের গর্ভবতী স্ত্রী নাসরিন বেগমকে সন্তান জন্ম দেয়ার জন্য বনপাড়ার পাটোয়ারী হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার রাত একটার দিকে নাজমুল তার ধর্ম শ্বশুর একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে গার্মেন্টস ব্যবসায়ী আরিফুল ইসলামকে (৩০) নিয়ে বনপাড়া রওনা দেয়। হারোয়া শিমুলতলা পৌঁছালে ছিনতাইকারীরা সড়কে দড়ি বেঁধে তাদের থামানোর চেষ্টা করে। এ সময় দড়ি গলায় জড়িয়ে পিছনে বসা আরিফুল ইসলাম মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। পরে নাজমুল পাশের এলাকা থেকে লোকজন নিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে বনপাড়ার পাটোয়ারী হাসপাতালে  এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ছয়টার দিকে তার মৃত্যু হয়। আরিফুল ইসলামের অপূর্ব নামে ছয় বছর বয়সী একটি ছেলে রয়েছে। দুজনেরই বনপাড়া বাজারে গার্মেন্টস সামগ্রীর দোকান রয়েছে।
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা খোকন মোল্লা জানান, ময়না তদন্ত শেষে লাশ বাড়ি আনা হবে।
 
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত এমরান আলী বলেছেন, ‘এ ঘটনায় এখনো কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে জড়িতদের আটকের চেষ্টা করা হবে।’