মদনমোহনে ছাত্র খুন: আসামি আঙ্গুর রিমান্ডে

আপডেট : ১৪ আগস্ট ২০১৫, ১৬:৫৪
 
সিলেটের মদনমোহন কলেজ ছাত্র আবদুল আলী হত্যা মামলার আরেক আসামি আঙ্গুর মিয়াকে তিনদিনের রিমান্ড দিয়েছে আদালত। শুক্রবার সিলেট মহানগর হাকিম আনোয়ারুল হক এই আদেশ দেন।
 
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরির্দশক (তদন্ত) মোশাররফ হোসেন জানান, আঙ্গুর মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে।
 
এর আগে বৃহস্পতিবার মামলার প্রধান আসামি প্রণজিত দাশকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।
 
গত বুধবার ছাত্রলীগ কর্মীদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে ছুরিকাহত হন মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল আলী (১৯)। ঐদিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
 
বৃহস্পতিবার দুপুরে আব্দুল আলীর বাবা আলকাস মিয়া বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৩/৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।