'রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে আইএস'

আপডেট : ১৪ আগস্ট ২০১৫, ১৭:৩২
 
ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিদের ওপর ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে সন্দেহ করছেন কর্মকর্তারা। খবর- বিবিসির।
 
জার্মান কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে ইরবিল শহরের কাছে আইএসের হামলার পর কুর্দি যোদ্ধারা শ্বাস-প্রশ্বাসের জটিলতায় ভুগেছিলেন। অন্তত ৬০ জন কুর্দি যোদ্ধা শরীরের চামড়া, চোখ ও শ্বাসনালীর সমস্যায় পড়ে।
 
তবে কোন ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়েছে তা জানাননি ওই কর্মকর্তারা। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের ধারণা সেখানে বিষাক্ত মাস্টার্ড এজেন্ট ব্যবহার করেছে। এর আগে কুর্দি যোদ্ধাদের ওপর বিষাক্ত ক্লোরিন গ্যাস ব্যবহারের অভিযোগ উঠেছিল আইএসের বিরুদ্ধে।
 
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃত করে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছেন, পার্শবর্তী সিরিয়া থেকে আইএস-মাস্টার্ড এজেন্ট সংগ্রহ করে থাকতে পারে। তবে এর আগে সিরিয়া সরকার দাবি করেছিল, রাসায়নিক অস্ত্রের সব মজুদ তারা ধ্বংশ করে ফেলেছে। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনও কুর্দি ও ইরানের বিরুদ্ধে মাস্টার্ড এজেন্টের মতো রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিলেন।
 
রাসায়নিক অস্ত্র মাস্টার্ড এজেন্ট ব্যবহার করলে আক্রান্ত ব্যক্তির শরীরের চামড়া, চোখ ও শ্বাসনালীতে তীব্র জ্বলুনির সৃষ্টি হয়।