মাদারীপুরে ২ কিশোরীর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা

আপডেট : ১৪ আগস্ট ২০১৫, ১৯:১০
 
মাদারীপুরে নির্যাতনে দুই কিশোরীর মৃত্যুর ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো সাত-আটজনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। শুক্রবার দুপুরে নিহত সুমাইয়ার বাবা বিল্লাল শিকদার বাদী হয়ে সদর থানায় মামলাটি করেছেন।
 
থানার উপপরিদর্শক বারেক করিম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ময়নাতদন্ত শেষে দুই কিশোরী সুমাইয়া আক্তার (১৪) ও হ্যাপি আক্তারের (১৪) লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
ময়নাতদন্তে সুমাইয়ার দেহে একাধিক নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। তবে, হ্যাপির দেহে কোনো জখম নেই। ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আজ আলামত পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
 
অভিযোগ পাওয়া গেছে, বৃহস্পতিবার মেস্তফাপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সুমাইয়া ও হ্যাপি বিদ্যালয়ের এক শিক্ষকের নিকট প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে শিপনসহ ৪/৫ যুবক একটি ঈদগাহে নিয়ে যায়। ধর্ষণের পর তাদের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। এ সময়  শিপন ও তার অপর এক সঙ্গী তাদের সন্ধ্যায় সদর হাসপাতালে নিয়ে যায়।
 
শিপন কর্তব্যরত চিকিৎসকদের জানান, দুই কিশোরী বিষপান করেছে। খবর পেয়ে স্বজনরা হাসপাতালে এসে শিপনকে দেখতে পেয়ে পুলিশে সোপর্দ করে।
 
সুমাইয়ার বাবা বিল্লাল শিকদারে অভিযোগ, শিপন দীর্ঘদিন ধরে সুমাইয়াকে উত্ত্যক্ত করে আসছিল।