রাঙ্গামাটিতে ব্যবসায়ী খুন, দুই নারীসহ আটক ৩

আপডেট : ১৪ আগস্ট ২০১৫, ১৮:৪৩
বন্ধুর আমন্ত্রণে রাঙ্গামাটিতে বেড়াতে এসে নির্মমভাবে খুন হলেন চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা ঝুট ব্যবসায়ি লিটু।
 
শুক্রবার সকালে শহরের কলেজ গেইটস্থ আবাসিক হোটেল মোটেল জজ থেকে নিহত লিটুর হাত-পা ও মুখে কচটেপ পেঁচানো অবস্থায় তার রক্তাক্ত মৃহদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার মূলহোতা লিটুর বন্ধু শাওন তার কথিত স্ত্রী শায়রা হক মৌ ও শ্যালিকা ফরিদা হক পদ্মাকে আটক করেছে পুলিশ। আটকরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে।
 
ঘটনার বিবরণে জানা গেছে, কুমিল্লা জেলা শহরের রেসকোর্স এলাকার বাসিন্দা শাওন তার স্ত্রী ও শালিকাসহ কুমিল্লা থেকে চট্টগ্রাম এসে তার ব্যবসায়িক পার্টনার ঝুট ব্যবসায়ী লিটুকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙ্গামাটি বেড়াতে আসে। তারা শহরের কলেজ গেইটস্থ আবাসিক হোটেল মোটেল জজে দুইটি রুম ভাড়া নেয়। রাতের কোনো এক সময় শাওন ও তার স্ত্রী শায়রা হক মৌ -শালিকা ফরিদা হক পদ্ম মিলে লিটুকে গলায় ডিসে অ্যান্টেনার তার পেঁচিয়ে এবং মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। পরে হাত-পা ও মুখে কচটেপ পেঁচিয়ে এবং বিছানার বেডশিট দিয়ে মুড়িয়ে লাশ হোটেলের নয় নাম্বার রুমের টয়লেটে ফেলে রাখে। শুক্রবার সকালে প্রাইভেটকারে করে তারা পালিয়ে যাবার সময় শহরের বনরূপা ও ট্রাক টার্মিনাল এলাকায় দুই দফায় দুর্ঘটনায় পড়ে। এ সময় স্থানীয়দের সঙ্গে তারা বাক্বিতণ্ডায় লিপ্ত হলে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর নীতি বিকাশ দত্ত ঘটনাস্থলে যান এবং তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন।
 
অপরদিকে প্রায় একই সময় তাদের ছেড়ে আসা হোটেল জজের ম্যানেজার থানায় ফোন দিয়ে জানায়, কাস্টমারদের ছেড়ে যাওয়া একটি রুমে রক্ত দেখা যাচ্ছে। পরে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশিদ থানায় খবর নিয়ে জানতে পারেন দুর্ঘটনা কবলিত গাড়িটির আরোহীরা সেই একই হোটেল থেকে বেরিয়ে এসেছে। এ ঘটনায় ওসির সন্দেহ হলে তিনি আটকদের থানায় বসিয়ে রেখে ফোর্স নিয়ে মোটেল জজে যান। এ সময় হোটেলের নয় নাম্বার রুমের টয়লেটের ভেতর থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, হোটেলের রেজিস্টারে নিহতের নাম কাশেম উল্লেখ করা হলেও তার প্রকৃত নাম লিটু (৩৬)। তিনি চট্টগ্রামের হালিশহর এলাকার গ্রীন আবাসিক এলাকার চার নাম্বার রোডের ৪০ নাম্বার বাড়ির বাসিন্দা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
কোতয়ালী থানার ওসি তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।