‘পুড়িয়ে হত্যার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জসিট হবে’

আপডেট : ১৫ আগস্ট ২০১৫, ১২:১০
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘পেট্রোল বোমা মেরে দুই শ মানুষকে পুড়িয়ে হত্যার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জসিট দেয়া হবে। এ মামলায় তার সর্বোচ্চ শাস্তি হবে। তিনি যেখানেই থাকুন না কেন, দেশে ফিরিয়ে এনে এ শাস্তি কার্যকর করা হবে।’
 
শুক্রবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাহুথড় উদয়ন বিদ্যাপীঠ মাঠে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ মোল্লা।
 
শেখ সেলিম বলেন, ‘বিএনপি-জামায়াতের সহিংসতাকারীরা পুড়িয়ে শিশু, নারী-পুরুষ, গাড়ির চালক ও চালকের সহকারীকে হত্যা করেছে। রাজনীতি মানুষের জন্য। মানুষ মেরে রাজনীতি করা যায় না।’
 
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ২০১৯ সালের আগে বাংলাদেশে কোন নির্বাচন হবেন না। সে নির্বাচন সাংবিধানিকভাবে শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে।
 
এতে জেলা পরিষদের প্রশাসক চৌধূরী এমদাদুল হক, পল্লী বিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী মো. হারুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।