ভারতের সুপ্রিম কোর্টে ফেলানীর বাবার আবেদন গ্রহণ

আপডেট : ১৫ আগস্ট ২০১৫, ১১:০৯

ফেলানী হত্যায় ভারতের সুপ্রিম কোর্টে আপিল আবেদন করেছেন ফেলানীর বাবা নুরুল ইসলাম। বাংলাদেশ আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পাশাপাশি এ কাজে তাকে সহায়তা দেয় ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চ (মাসুম)। আদালত ফেলানীর বাবার আবেদন গ্রহণ করেছে বলে জানান আসকের সিনিয়র উপ-পরিচালক টিপু সুলতান। তিনি বলেন, শুক্রবার ফেলানীর বাবা ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেছেন।

এর আগে বিএসএফের বিশেষ আদালতে ফেলানী হত্যা মামলার পুনর্বিচারের রায়ে গত ২ জুলাই বিএসএফ সদস্য অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করা হয়। এরপর সঠিক বিচারের আশায় ফেলানীর বাবা ৮ জুলাই আসকের মাধ্যমে মাসুম’র নির্বাহী পরিচালক কিরীট রায়ের কাছে এই হত্যার ন্যায় বিচারে কার্যকর উদ্যোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি আবেদন করেন।

কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকন বলেন, ভারতের সুপ্রিম কোর্টে এবার ফেলানীর বাবা ন্যায় বিচার পাবেন আশা করি। ২০১১ সালের ৭ জানুয়ারি বাংলাদেশ-ভারত সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার নম্বর ৯৪৭ এর কাছে বিএসএফের গুলিতে ফেলানী খাতুন নিহত হয়।