বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান

আপডেট : ১৫ আগস্ট ২০১৫, ১২:৩০
আগের দিনের খুদে তারকারা স্টেডিয়ামে আসলেন, যেন ভিন্ন ছবি নিয়ে। ফুটবল দর্শকরা কিংবা সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের সাথে জড়িত কর্মকর্তারাও খুদে ফুটবলারদের দিকে বাড়তি আগ্রহ নিয়ে তাকাচ্ছিলেন। তাকাবেই না কেন, ২৪ ঘন্টাও হয়নি, এই মাঠেই তো সাফের বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে হারিয়েছে বাংলাদেশ, ২-১ গোলে। সেই আনন্দের রেশটা যেন এখনও সিলেটের ফুটবল অনুরাগীদের মধ্যে রয়েছে। তবে আনন্দের রেশ গায়ে না মেখে সেমিফাইনালের প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশের শাওন হোসেন, সাদ, ইমন মোহাম্মদ শাওন, নিপু, ফয়সালরা।
 
আগামীকাল সাফের প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ লড়াই করবে ‘বি’ গ্রুপ রানার্সআপ আফগানিস্তানের বিরুদ্ধে। ‘এ’ গ্রুপ রানার্সআপ ভারত খেলবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন নেপালের বিরুদ্ধে।
 
বাংলাদেশ আফগানিস্তানকে পেয়ে একটু টেনশনে আছে। কারণ আফগান ফুটবলারদের বাংলাদেশের খেলোয়াড়দের চেয়ে শারীরিক সামর্থ্যটা বেশি। তারা বেশ লম্বা লম্বা। এখানে অনেক এগিয়ে রয়েছে আফগান ফুটবলাররা। নেপাল আফগানিস্তান ম্যাচ দেখতে গিয়ে ভালোই ধারণা হয়েছে অনূর্ধ্ব-১৬ সাফ বাংলাদেশ দলের। খেলোয়াড়দের আগেই বলা হয়েছিল ভালো ভাবে খেলাটা দেখার জন্য। সেই সাথে নেপাল এবং আফগানিস্তান কিভাবে খেলছে শক্তি কোথায় কোথায় রয়েছে সেটা যেন মনযোগ দিয়ে খুঁজে বের করেন খেলোয়াড়রা। আফগানিস্তানের টিম ওয়ার্ক অনেক বেশি। তারা একসাথে উপরে উঠে একই সাথে নিচে নেমে ঘর রক্ষা করে। বাংলাদেশ কোচ সৈয়দ গোলাম জিলানী বুঝতে পারছেন তার দলকেও একই ভাবে খেলতে হবে। আফগানদের সাথে পাল্লা দিয়ে লড়াই করতে হলে ওদের মতো করেই খেলতে হবে। তবে সবচেয়ে দুর্ভাবনা হচ্ছে সিলেট স্টেডিয়ামের মাঠ ভালো এখন। কারণ বৃষ্টিতে কাল মাঠ ভিজেছে। আফগানিস্তান এবং নেপাল ম্যাচে মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠ যদি ভেজাই থাকে তাহলে সেটার প্রভাব পড়বে খেলায়। তার পরও মাঠ কিংবা প্রতিপক্ষ নিয়ে ভাবছে না বাংলাদেশ শিবির। যে কোনো দলের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুতি নিতে হবে এটাই বাংলাদেশ দলের ভাবনা। কোচ জিলানী বললেন, ‘ আফগানিস্তানের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচটা হবে ফিফটি ফিফটি, ডু অর ডাই ম্যাচ হবে।’ তিনি বললেন, ‘আমাদেরকে ফাইট করতে হবে। কঠিন ম্যাচ হবে তার পরও লড়াইটা জমবে বলেই মনে হচ্ছে।’ আগের রাতে ভারতকে হারানোর পর গতকাল সকালে বাংলাদেশের ফুটবলাররা হোটেলের সুইমিংপুলে কাটিয়েছে। যারা খেলেছে তাদের রিকভারী দেয়া হয়েছিল।
 
আফগানিস্তানের খেলোয়াড়দের বয়স নিয়ে এরই মধ্যে কথা উঠেছে। তাদের বয়স বেশি। বাফুফের যেসব কর্মকর্তা রয়েছেন সিলেটে তাদের অনেকের মুখেই বেশি বয়সের কথা শোনা গেছে। 
 
নেপাল বি গ্রুপ চ্যাম্পিয়ন
 
সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশীপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপাল ১-০ গোলে আফগানিস্তানকে হারিয়ে ‘বি’ গ্রুপ হয়েছে। কিশিতিজ রাজের একমাত্র গোলে জয় পায় নেপাল। আগামীকাল সাফের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ আফগানিস্তান এবং ভারত নেপাল মুখোমুখি হবে। গতকাল সিলেটে বৃষ্টি হয়েছে। যে কারণে বিকাল ৫টার ম্যাচটা আধ ঘন্টা দেরিতে শুরু হয়। কাদা মাঠে দুই দলই গোল পোষ্ট আগলে খেলতে শুরু করে। ফলে স্টেডিয়ামের দর্শককে গোল দেখতে ৪৯ মিনিট অপেক্ষা করতে হয়।