ঘিওরে অজ্ঞাত পরিচয় বৃদ্ধার লাশ উদ্ধার

আপডেট : ১৫ আগস্ট ২০১৫, ১৩:১৮


মানিকগঞ্জের ঘিওরে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে বরংগাইল হাইওয়ে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা বালিয়াখোড়া ইউনিয়নের পাচুরিয়া বাসস্ট্যান্ডে রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

বরংগাইল হাইওয়ে পুলিশ এসআই হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে, ভোরের দিকে দ্রুতগামী কোনো যানবাহন চাপায় তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বরংগাইল হাইওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।