ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এ যথাযথ শোক প্রকাশ ও শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় ধানমন্ডিতে ইউল্যাবের নিজস্ব ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দবিস উপলক্ষে শোক সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউল্যাবের এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলাম।
ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হকের স্বাগত বক্তব্য এবং এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে সভা শুরু হয়। শুরুতেই ইউল্যাবের সংস্কৃতি সংসদ দলগতভাবে ‘শোনো একটি মুজিবরের থেকে’ গানটি পরিবেশন করে।
সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য ও ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টির সদস্য কাজী নাবিল আহমেদ। তিনি তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শের নানান দিক তুলে ধরেন। জাতির জনকের ত্যাগ-তিতিক্ষার কথাও বর্ণনা করেন। তিনি এখনকার প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবনের আলোকে নিজেদের জীবন গড়ে তোলার ও আহ্বান জানান এবং বিভিন্ন বই-পুস্তক থেকে বঙ্গবন্ধুর জীবনী পড়তে সবাইকে উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানে ইউল্যাবের অনুষদ সদস্যের মধ্যে ড. তপতী রাণি সরকার, অধ্যাপক কাজি মদিনা, প্রভাষক আরজু ইসলাম এবং ইউল্যাবের প্রশাসনিক সদস্যদের মধ্যে ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া কবিতা আবৃত্তি করেন। সংস্কৃতি সংসদের ‘এই পদ্মা, এই মেঘনা’ গানটি পরিবেশনার মধ্য দিয়ে শোকসভার সমাপ্তি ঘোষণা করা হয়।
শোকসভায় আরও উপস্থিত ছিলেন ইউল্যাবের ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ ও রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল ইসলাম।
