রবি স্মার্টফোন ও ট্যাব মেলার পর্দা নামছে আজ

আপডেট : ১৫ আগস্ট ২০১৫, ১৭:৪৬

ক্রেতা-বিক্রেতার সন্তুষ্ঠি, ছাড়-উপহারের ছড়াছড়িতে আজ (শনিবার) শেষ হচ্ছে রাজধানীতে চলমান রবি স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৫। অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এক্সপো মেকার আয়োজিত এই মেলা চলছে আগারগাঁওস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি ছুটির দিনে মেলায় ছিলো উপচেপড়া ভিড়।

তৃতীয় ও সমাপনী দিনে শোকের আবহে শুরু হয় মেলা। ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের প্রতি শোক জানিয়ে কালো ব্যাচ ধারণ করেছেন মেলা প্রাঙ্গণের নানা শ্রেণি-পেশার মানুষ। আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকারের পক্ষ থেকে মেলায় অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের এই কালো ব্যাচ সরবরাহ করা হয়। এছাড়াও মেলার বঙ্গবন্ধু প্যাভিলিয়নে বঙ্গবন্ধু স্মরণে দেখানো হয় তার দুর্লভ চিত্র ও ভিডিওচিত্র। প্রচার করা হয় মুক্তিযুদ্ধ ও দেশাত্ববোধক গান।

ছুটির দিন হওয়ায় এদিন সকাল থেকেই দীর্ঘ লাইন ধরে মেলায় দর্শনার্থীদের প্রবেশ করতে দেখা যায়। প্যাভিলিয়ন, স্টলগুলোতে ছিল উপচেপড়া ভিড়। শেষ দিনে তুলনামূলকভাবে বেশি ছাড় ও উপহারের প্রত্যাশায় অনেকেই বন্ধু-বান্ধব কিংবা স্বপরিবারে ছুটে আসেন মেলায়।

IMG0মেলায় মোবাইল ফোনে ভয়েস কল, এসএমএস ও ডাটা সার্ভিসে অফার নিয়ে এসেছে মোবাইল অপারেটর ও মেলার প্রধান পৃষ্ঠপোষক রবি। প্রতিষ্ঠানটির প্যাভিলিয়ন থেকে মোবাইল কিনলেই পাওয়া যাচ্ছে শতভাগ বোনাস। স্যামসাং, মাইক্রোসফট লুমিয়া ও আমরা ব্র্যান্ডের হ্যান্ডসেট কিনলে সমমূল্যের টকটাইম, এসএমএস ও ইন্টারনেট প্যাক উপহার দিচ্ছে রবি। পাশাপাশি পাওয়া যাচ্ছে বিভিন্ন সেবা। এছাড়া অংশগ্রহণকারীর প্রতিষ্ঠানগুলোর ছাড় ও উপহার অব্যাহত ছিলো।

আয়োজকরা জানান, গত দুই দিনে দর্শনার্থীদের উপস্থিতি ছিলো প্রায় ২০ হাজার। আজ মেলার শেষ দিন, তাই অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বেশি ছাড় ও উপহার দিচ্ছে। অনেকেই শেষ মুহুর্তে কমদামে পছন্দের ডিভাইসটি কিনতে ভিড় জমাচ্ছেন। আশাকরছি গত দুই দিনের রেকর্ড ভেঙ্গে আজ ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি বাড়বে।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো জানান, মেলায় প্রত্যাশার চেয়ে অনেক বেশি পরিমাণ পণ্য বিক্রি হচ্ছে। অন্যবারের তুলনায় এবার ক্রেতাদের সাড়া বেশি। মধ্যম পর্যায়ের স্মার্টফোন ও ট্যাবের চাহিদা ভালো। তবে ক্রেতারা শুধু যে দামের বিষয়টি বিবেচনা করছেন এমন নয়, দাম কম-বেশি হলেও কোনো পণ্য পছন্দ হলেই লুফে নিচ্ছেন তারা।  

১টি মেগা প্যাভিলিয়ন, ১৩টি প্যাভিলিয়ন, ৫টি মিনি প্যাভিলিয়ন এবং ১০টি স্টলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সর্বশেষ প্রযুক্তি ও মডেলের ডিভাইস প্রদর্শনী ও বিক্রি করছে। রয়েছে অন্যান্য আয়োজনও।