আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অবিচ্ছেদ্য নাম। খুনি চক্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করলেও তার স্বপ্ন দর্শনকে ধ্বংস করতে পারেনি।’
শনিবার মোহাম্মদপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি কৃষি পণ্যের পাইকারি বাজার ব্যবসায়ী সমিতি ও ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর কবির নাক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কর্ম ও দর্শনের আলোকে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন। তিনি দলীয় নেতা-কর্মীসহ দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করে ১৫ আগস্টের ষড়যন্ত্রের বদলা নেয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ নেতা সাদেক খান, হাবিবুর রহমান মিজান, ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শহিদুল্ল্যাহ, ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজিব প্রমুখ বক্তব্য রাখেন।
