বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বেসামরিক বিমান পরিবহন ও পযর্টন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ সমুন্নত রেখে বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে তোমাদের মাধ্যমে আরো এগিয়ে যাবে।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার রাজধানীর ভিকারুনন্নিসা নূন স্কুল এ্যান্ড কলেজ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘পঁচাত্তরের পনেরই আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি। তাই জাতি আজ বঙ্গবন্ধুর আদর্শ সমুন্নত রেখে সমৃদ্ধির দিকে এগিয়ে চলেছে। নতুন প্রজন্মের হাতে বাংলাদেশ আরো এগিয়ে যাবে।’
মেনন বলেন, ‘বঙ্গবন্ধু আপন আলোকে চারদিক আলোকিত করে গেছেন। তাঁকে হত্যার পর বাংলার সংস্কৃতি, বাংলার গৌরব, সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন উল্টো পথে চলতে শুরু করে। জাতির জনককে হত্যার মধ্য দিয়ে গোটা বাঙালি জাতিকে কলঙ্কিত করা হয়েছে ।’
