‘১৫ আগস্টের হত্যাকাণ্ড না হলে দেশ উন্নত অর্থনীতির হতো’

আপডেট : ১৫ আগস্ট ২০১৫, ২১:৪৪
 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘হত্যা আর স্বজন হারানোর বেদনা আমার পরিবারের  চেয়ে ভালো কেউ জানে না। ওরা শুধু একজনকেই হত্যা করেনি। এমনকি খুনিরা আমার মামিদের, যাদের মধ্যে একজন ছিলেন সন্তানসম্ভবা, এবং শিশুদেরও রেহাই দেয়নি। ঠাণ্ডা মাথায় তারা ১০ বছর বয়সী রাসেল মামাকেও হত্যা করেছিল। এরা ছিল দানব। ১৫ অগাস্টের হত্যাকাণ্ড না হলে আজ বাংলাদেশ উন্নত অর্থনীতির দেশ হতো।’
 
শনিবার সন্ধ্যা ৭টার কয়েক মিনিট সজীব ওয়াজেদ জয় তার ফেইসবুক স্ট্যাটাসে এ কথা লেখেন।
 
সজীব ওয়াজেদ জয় বলেন, ‘এই যখন অবস্থা, সেখানে ওইদিনের পত্রিকার দিকে তাকালে  দেখবেন, কিছু লোক খুনিদের প্রশংসা পর্যন্ত করেছিল। নির্বাচনে আমার নানাকে হারাতে না পেরে তাকে স্বৈরাচার বলে দাবি করেছিল তখনকার বিরোধীরা। এখন আমাদের সুশীল সমাজের কারো কারো কাছ থেকে বারবার একই কথা শোনা যাচ্ছে।’
 
জয় বলেন, ‘গণতন্ত্রের মানে এই না যে সবাই একবার একবার করে ক্ষমতায় আসবে কিংবা সংসদে সমান সংখ্যক আসন পাবে। গণতান্ত্রিকভাবে জয়ী হতে হলে আপনাকে নির্বাচনে অংশ নিতে হবে এবং জনগণের ভোট পেতে হবে। এই বিষয়টা সুশীল সমাজের কেউ কেউ ১৯৭৫ সালে পাত্তা দেয়নি এবং এখনো সুশীল সমাজের কেউ কেউ বিষয়টা পাত্তা দিতে চায় না।’
 
তিনি বলেন, ‘এই ধরনের চিন্তা-ভাবনার পরিণতি কী হয়, তা ইতিহাস  দেখিয়েছে। মালয়েশিয়া ও সিঙ্গাপুর যেখানে অর্থনৈতিকভাবে উন্নতি করেছে, সেখানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বাংলাদেশ ধুঁকেছে। তার কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার আগ পর্যন্ত আমাদের দেশ দ্রুত উন্নতির পথে যেতে পারেনি। মাত্র ছয় বছরে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি।’