‘বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়তে হবে’

আপডেট : ১৫ আগস্ট ২০১৫, ২২:১৩
 
যুদ্ধাপরাধীদের রাজনীতি নিষিদ্ধ এবং মুক্তমত প্রকাশের অধিকার নিশ্চিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহবান জানিয়েছে গণজাগরণ মঞ্চ। শনিবার বিকালে রাজধানীতে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এ আহবান জানানো হয়।
 
শাহবাগে ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা: আমরা কি ঠিক পথে?’ শীর্ষক আলোচনা সভায় সাংবাদিক  আবু সাইদ খান বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পরে রাষ্ট্রধর্ম ইসলাম নির্ধারণ করে মুক্তিযুদ্ধের অন্যতম মূলনীতি ধর্মনিরপেক্ষতা থেকে অনেক দূর সরে এসেছে বাংলাদেশ। সরকারিভাবে মৌলবাদকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশের অগ্রগতির পথকে দুর্গম করে ফেলা হয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করতে হলে আগে পরমতসহিষ্ণু সব মত পথ ধর্মের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
 
মানবাধিকারকর্মী খুশি কবির বলেন, পঁচাত্তরের ১৫ আগস্টের পর থেকে বারবার মুক্তিযুদ্ধের চার মূলনীতিকে মুছে দেয়ার ষড়যন্ত্র করা হয়েছে । বঙ্গবন্ধুর বাংলাদেশ গড়তে হলে সাংবিধানিক অস্পষ্টতাগুলো দূর করতে হবে।
 
ভাস্কর রাসা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করে সাধারণ মানুষের সম্পদ লুটপাটকারীদের বিচারের আওতায় এনে জাতির জনকের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ কামাল বলেন, যুদ্ধাপরাধের বিচারে সোচ্চার তরুণদের একের পর এক হত্যা করার মাধ্যমে বাংলাদেশকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বঙ্গবন্ধু বেঁচে থাকতে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করেছিলেন। পঁচাত্তরের পর আবার তারা অপরাজনীতি করে যাচ্ছে।  যুদ্ধাপরাধীদের রাজনীতি নিষিদ্ধ করে  নিরাপদ অসামপ্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
 
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সভাপতির বক্তব্যে বলেন, আজ দিকে দিকে কাঙালভোজ হচ্ছে। অথচ বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনে কাঙাল বলে কোনো শব্দ ছিল না।’
 
এর আগে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে গণজাগরণ মঞ্চ।