বগুড়ায় খালেদা জিয়ার জন্মদিন পালন করতে পারেনি বিএনপি

আপডেট : ১৫ আগস্ট ২০১৫, ২৩:৩৩

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ৭০তম জন্মদিন পালন করতে পারেনি জেলা বিএনপি। কোন কর্মসূচি ঘোষণা না করেই গতকাল শনিবার বিকালে দলীয় কার্যালয়ের সামনে এসে পুলিশী বাধার মুখে প্রবেশ করতে না পারায় জেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম দলীয় নেতা-কর্মীদের নিয়ে ফিরে যান। শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপি অফিসের সামনে গতকাল সকাল থেকে পুলিশ মোতায়েন করা ছিল।

 
বগুড়া সদর থানার ওসি আবুল বাসার জানান, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে  পুলিশ তাদের অফিসে যেতে নিষেধ করে। ফলে তারা ফিরে যান। পরে সাংবাদিকদের জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম বলেন, পুলিশী বাধার কারণে দলীয় কার্যালয়ে কর্মসূচি পালন করা সম্ভব হয়নি। চেয়ারপার্সনের জন্মদিন উপলক্ষে কর্মসূচি পালনের জন্য অফিসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ আমাদের প্রবেশ করতে দেয়নি। ফলে দলীয় কার্যালয়ে কোন কর্মসূচি পালন করা যায়নি।
 

এদিকে জেলা মহিলা দলের কয়েকজন নেত্রী শুক্রবার দিবাগত মধ্যরাতে গোপনস্থানে কেক কেটে সেই ছবি ফেইসবুকে প্রচার করেছে। একই সাথে স্থান উল্লেখ না করে জেলা মহিলা দলের সদস্য অ্যাডভোকেট সোহেলী মাহমুদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেককাটার খবরটি প্রচারমাধ্যমকে জানানো হয় ।