বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শনিবার তার গুলশান কার্যালয়ে ঘটা করেই কেক কেটে তার ৭০তম জন্মদিন উদযাপন করলেন। নেতা-কর্মী পরিবেষ্টিত হয়ে রাত সোয়া ৯টায় পাঁচটি কেক কাটেন তিনি। অনুষ্ঠানের সূচনায় খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
এরপর কেন্দ্রীয় বিএনপি, ঢাকা মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে আনা পাঁচটি কেক কাটেন। চারটি কেকের ওজন ছিলো ৭০ পাউন্ড আর একটি ছিলো ৭০ কেজি। কেকগুলো পরে এতিম খানায় পাঠানো হয়। বেগম জিয়া এসময় সকলের কাছে দোয়া চান। তিনি লন্ডন সফরে যাবেন বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, এ জেড এম জাহিদ হোসেন, আবদুল কাইয়ূম, শামছুজ্জামান দুদু, ব্যারিস্টার শাহজাহান ওমর, মেজর জেনারেল (অব.) রহুল আলম চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, মোহাম্মদ শাহজাহান, ফজলুল হক মিলন, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, খায়রুল কবির খোকন, যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মহিলাদল সভাপতি নূরে আরা সাফা, সহ-সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ এবং ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আবদুল মালেক, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নাসিম, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ, সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, সাধারণ সম্পাদক মো. আক্রামুল হাসান, তাঁতী দলের সভাপতি আবুল কালাম আজাদ, জাসাস সাধারণ সম্পাদক মনির খান, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি শ্যামা ওবায়েদ প্রমুখ।
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গুলশান কার্যালয়ে আলোক সজ্জা করা হয়। সন্ধ্যা থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী কার্যালয়ের সামনে ভিড় জমান। জন্মদিনের নানা স্লোগান দিয়ে মুখর করে তোলেন পরিবেশ। বিভিন্ন পর্যায়ের নেতারা ফুল হাতে আসছিলেন জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানাতে।
১৯৯৬ সাল থেকে ১৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে জন্মদিন উদযাপন শুরুর পর রাত ১২টা ১ মিনিটেই কেক কাটা হতো; কিন্তু এবার সময় পিছিয়ে সন্ধ্যার পর কেক কাটলেন খালেদা জিয়া। তবে ১৫ আগস্টের প্রথম প্রহরে একান্ত পারিবারিকভাবে তার বাসভবন গুলশানের ফিরোজায় জন্মদিনের ছোট আকৃতির একটি কেক কাটেন খালেদা জিয়া। সেখানে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান বোন সেলিনা ইসলাম, দুই ভাইয়ের স্ত্রী নাসরিন সাঈদ ও কানিজ ফাতেমা। লন্ডনে চিকিত্সাধীন বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ জোবায়দা রহমান, নাতনি জাইমা রহমান টেলিফোনে তাকে জন্মদিনের প্রথম প্রহরে শুভেচ্ছা জানান।
শনিবার বিকাল ৫টায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের বনানীর বাসায় কেক কেটে জন্মদিন পালন করেন মহিলা দলের নেতা-কর্মীরা। এ সময় সেলিমা রহমান ছাড়াও মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা মহানগর মহিলা দলের সভাপতি সুলতানা রহমান উপস্থিত ছিলেন।
