চীনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১১২

আপডেট : ১৬ আগস্ট ২০১৫, ১১:২৮

চীনের উত্তরাঞ্চলীয় বন্দর শহর তিয়ানজিনে বড় ধরনের বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১১২ জনে দাঁড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানায়।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার এদিকে বাতাসের দিক পরিবর্তনের ফলে বিস্ফোরণস্থলে নতুন করে আগুন জ্বলে ওঠার এবং বিষাক্ত গ্যাস লোকালয়ে চলে আসার আশঙ্কা দেখা দিয়েছে। এর ফলে দুটি স্কুলে আশ্রয় নেওয়া স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।  

তবে ঠিক কতজনকে সরিয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য চীনা গণমাধ্যমে দেওয়া হয়নি।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, দুর্ঘটনাস্থলে এখনও অন্তত ৯৫ জন নিখোঁজ রয়েছেন, যাদের ৮৫ জনই দমকলকর্মী।

তিয়ানজিনের দমকল প্রধান ঝোউ তিয়ান বলেছেন, যে গুদামে বিস্ফোরণ ঘটেছে, সেখানে বিভিন্ন ধরনের বিপজ্জনক রাসায়নিক ও বিস্ফোরকের মজুদ ছিল। বিস্ফোরণে  বিভিন্ন ধরনের উপাদান মিশে যাওয়ায় ঘটনাস্থলে যে কোনো সময় রাসায়নিক বিক্রিয়া কিংবা বিস্ফোরণ ঘটার আশঙ্কা রয়েছে।

বুধবার গভীর রাতে বন্দরের কাছে ওই গুদামে ত্রিশ সেকেন্ডের ব্যবধানে দুই দফা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধাক্কায় আশেপাশের বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়।