কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় কলেজের ৩ শিক্ষার্থী আহত

আপডেট : ১৬ আগস্ট ২০১৫, ১২:১৬


কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় কলেজের শিক্ষার্থী তিন আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার পারুয়ারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে হাফেজা আক্তার লাকী ও মেহেদী হাসানের পরিচয় জানা গেছে। আপর জনের নাম জানা যায়নি। তারা সবাই পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা যায়, ওই তিন শিক্ষার্থী একটি সিএনজি অটোরিক্সাযোগে কলেজে আসছিল। অটোরিক্সাটি কলেজের কাছাকাছি আসলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তারা আহত হন। গুরুতর অবস্থায় লাকীকে প্রথমে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও পরে কুমিল্লা নগরীর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়।

লাকী জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া গ্রামের আবু হানিফের মেয়ে।

 ট্রমা সেন্টারের চিকিৎসকরা জানান, লাকীর মাথায়, হাতে-পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে হাড় ভাঙ্গাসহ গুরুতর জখম হয়েছে, তার অবস্থা আশংকাজনক।

কলেজের সহকারি অধ্যাপক আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত সিএনজি ও পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে।