কুষ্টিয়ায় গুলিবর্ষণকারী পুলিশের চাকরিচ্যুত এএসআই

আপডেট : ১৬ আগস্ট ২০১৫, ১৭:১২
 
কুষ্টিয়ায় জাতীয় শোক দিবসের র‍্যালি শেষে দুই পক্ষের সংঘর্ষের সময় ভিডিও ফুটেজে যে ব্যক্তিকে শটগানের গুলি ছুড়তে দেখা গেছে তার নাম আনিসুর রহমান। তিনি পুলিশের চাকরিচ্যুত এএসআই। ঢাকার একটি থানায় কর্মরত থাকাকালে থানার ফেনসিডিল আত্মসাতের দায়ে তিনি চাকরিচ্যুত হন।
 
স্থানীয়ভাবে ও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আনিসুর কুষ্টিয়া আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মমিজের বেয়াই। তিনি মমিজের লাইসেন্সকৃত শর্টগান থেকে গুলি ছুড়েছিলেন। ঘটনার পর থেকে আনিসুর আত্মগোপনে আছেন।
 
এদিকে পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। অভিযান চালিয়ে এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। 
 
শনিবার জাতীয় শোক দিবসে জেলা আওয়ামী লীগের র‍্যালি শেষে জেলা স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে মোমিনুর রহমানের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে সবুজ হোসেন নামে আওয়ামী লীগের এক সমর্থক নিহত হন।