খালেদা জিয়া ভুয়া জন্মদিন পালন করেছেন: মায়া

আপডেট : ১৬ আগস্ট ২০১৫, ১৬:৩০
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতা বিরোধী শক্তি ও যুদ্ধাপরাধীদের সাহস দেয়ার জন্য তার ভুয়া জন্মদিন পালন করেছেন। রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
 
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বেগম খালেদা জিয়া এবার অন্তত তার ভুয়া জন্মদিন পালন করবেন না বলে দেশের মানুষ আশা করেছিল। কিন্তু তিনি জন্মদিন পালন করেছেন।
 
তিনি বলেন, ষড়যন্ত্র করে খালেদা জিয়ার ক্ষমতায় যাওয়ার পথ বাংলাদেশে চিরতরে বন্ধ হয়ে গেছে।
 
মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।