জেলার শরণখোলা উপজেলায় শুক্রবার রাতে রাজাপুর সার্বজনীন শ্রী শ্রী গোবিন্দ মন্দির ও সেবাইতের বাড়ি দখলের চেষ্টার ঘটনায় ১৬ জনকে বিবাদী করে মামলা হয়েছে। বিবাদীরা হলেন, আ. রাজ্জাক ডালিম, শহীদ মুন্সী, হাবিবুর রহমান শরীফ, সলেমান শরীফ, জাহাঙ্গীর শরীফ, লাভলী আক্তার সুমি, নুরজাহান বেগম, শামীম শরীফ, বিপুল কীর্তনীয়া, আরিফ মৃধা, ও শহিদুল হাওলাদার প্রমুখ।
শনিবার রাত ১০টায় মন্দিরের সেবাইত দীজেন বাদী হয়ে এ মামলা করেন। ঘটনার পর থেকে নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকলেও ওই এলাকার সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
দীজেন্দ্র নাথের ছেলে দীলিপ কুমার হারদার অভিযোগ করেন, ঘটনার পর থেকে ডালিম ও শরীফ মোবাইল ফোনে হিন্দু সম্প্রদায়ের নেতাদের প্রাণ নাশের হুমকি দিচ্ছে।
রবিবার বেলা ১১টায় মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মনিরুল কবির সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে মামলার তদন্ত করেন। তিনি জানান, প্রাথমিক তদন্তে তথ্যের সত্যতা পাওয়া গেছে।
প্রসঙ্গত, শুক্রবার রাত পৌনে ১২টায় স্থানীয় আ. রাজ্জাক ডালিম ও মো. শহীদ মুন্সীর নেতৃত্বে ২৫/২৬ জন দুর্বৃত্ত রাজাপুর মন্দির ও মন্দিরের সেবাইত দীজন্দ্র নাথ হালদারের বাড়ি দখল করে নেয়। পুলিশ রাত সাড়ে ১২টায় ঘটনাস্থলে গিয়ে এ ঘটনায় তিনজনকে আটক করে।
