রাজীব হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৩ আগস্ট

আপডেট : ১৬ আগস্ট ২০১৫, ১৭:১৪

গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার পরবর্তী সাক্ষগ্রহণের জন্য আগামী ২৩ আগস্ট দিন ধার্য করা হয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সাঈদ আহম্মেদ রোববার এ আদেশ দিয়েছেন। মামলার ষষ্ঠ সাক্ষি হিসেবে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী ইস্কান্দার আলী আজ সাক্ষ্য দেন। ডিবি পুলিশ রাজীব হত্যার আলামত সংগ্রহের সময় ইস্কান্দার তাদের সঙ্গে ছিলেন। এ মামলায় ৫৫ সাক্ষীর মধ্যে এর আগে আরো পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

মামলার বিবরণীতে বলা হয়, ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি বাসায় ফেরার পথে পল্লবীর কালশীর পলাশনগরে দুর্বৃত্তদের হামলায় নিহত হন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগ প্রজন্ম চত্বরের আন্দোলন কর্মী রাজীব হায়দার। এ হত্যার ঘটনায় রাজীবের বাবা ডা. নাজিম উদ্দীন পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৪ সালের ২৯ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) ডিবির পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ ঢাকার সিএমএম আদালতে আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে উল্লেখিত আট আসামি হলেন- নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল বিন নাইম ওরফে দিপু, মাকসুদুল হাসান অনিক, এহসানুর রেজা রুম্মান, মো. নাঈম সিকদার ওরফে ইরাদ, নাফির ইমতিয়াজ, সাদমান ইয়াছির মাহমুদ, মুফতি জসীম উদ্দিন রাহমানী ও রেদোয়ানুল আজাদ রানা।

আসামিদের মধ্যে রানা পলাতক এবং অন্য আসামিরা আটক রয়েছে। তারা আদালতে রাজীব হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দী দিয়েছেন। ২০১৫ সালের ১৮ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। -বাসস