এক বৃদ্ধকে হত্যার দায়ে রাধাশ্যাম হরিজন (৫৫) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। এছাড়াও আরেক জনকে ছুরিকাঘাত করার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডও দেয়া হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মহিতুল হক এনাম চৌধুরী রবিবার এ রায় দেন। রায় ঘোষণা শেষে আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, অশোক কুমার হরিজনের (৬০) সাথে আসামি রাধাশ্যামের পূর্ব শত্রুতা ছিল। এর জের ধরে রাধাশ্যাম ২০১৩ সালের ২৭ জুলাই চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার রজনীগন্ধ্যা মার্কেটের সামনে অশোক কুমার হরিজনকে ছুরিকাঘাতে হত্যা করে এবং নন্দলাল হরিজন নামে একজনকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
ঘটনার পর অশোক কুমার হরিজনের ভাই বিজয় হরিজন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত রাধাশ্যামকে মৃত্যুদণ্ড এবং নন্দলাল হরিজনকে ছুরিকাঘাত করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
