প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস) পরিচয়দানকারী এক প্রতারককে পুলিশ গ্রেফতার করেছে। তার নাম শহিদুল ইসলাম নয়ন (২৮)। মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম রবিবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে থেকে গ্রেফতার করে।
রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি মিডিয়া) মুনতাসিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়দানকারী প্রতারক শহিদুল ইসলাম নয়নের গ্রামের বাড়ি পাবনায়। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও বিভিন্ন অপারেটরের ৩টি মোবাইল সিম জব্দ করেছে গোয়েন্দা পুলিশ।
সিমগুলো থেকে প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শেখরের হারিয়ে যাওয়া বাংলালিংক নম্বর ‘০১৯১১১১২২১৯’ টিও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন প্রধানমন্ত্রীর এপিএসের ব্যবহূত গ্রামীণফোন যোগাযোগের হুবুহু বাংলালিংক নম্বর তৈরি করে বিভিন্ন জায়গায় ফোন দিয়ে অবৈধ লেনদেন করার কথা স্বীকার করেছে। সাইফুজ্জামান শেখর শেরেবাংলা নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানানো হয়।
