প্রস্তাবিত অষ্টম পে-স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন পুনঃনির্ধারণের দাবিতে ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি। রবিবার বেলা ১০টা থেকে দুপুরে একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পাশে অবস্থান কর্মসূচি পালিত হয়।
রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম বাদলের সঞ্চালনায় পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর এমিরিটাস অরুণ কুমার বসাক, আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদ, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট সহকারী অধ্যাপক এস এম শফিউজ্জামান প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, শিক্ষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতি রবিবার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত ক্লাস বর্জন কর্মসূচি পালন করা হবে। এছাড়াও আগামী ১৯ তারিখের মধ্যে স্বাক্ষর অভিযান শেষ করে তা বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের কাছে পাঠানো হবে এবং প্রতি রবিবার আন্দোলনের সময় কালো ব্যাচ ধারণ করা হবে।
