ডুয়েট শিক্ষক সমিতির কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

আপডেট : ১৬ আগস্ট ২০১৫, ১৮:৩৭
বৈষম্যমূলক প্রস্তাবিত অষ্টম জাতীয় পে-স্কেল প্রত্যাখ্যান এবং স্বতন্ত্র পে-স্কেলের দাবিতে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শিক্ষক সমিতির উদ্যোগে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হয়েছে।
 
রবিবার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মিলনায়তনে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে আয়োজিত এ অবস্থান ধর্মঘট চলাকালে বক্তব্য রাখেন সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রাজু আহমেদ, অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা, মো. মাজহারুল আলম, অধ্যাপক ড. আব্দুস সালাম, অধ্যাপক ড. খসরু মিয়া প্রমুখ। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বাক্ষর সংগ্রহ অভিযান পরিচালিত হয় যা ২০ আগস্ট পর্যন্ত চলমান থাকবে।
 
কর্মসূচিতে বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধানগণ, পরিচালকবৃন্দ ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
 
অবস্থান কর্মসূচিতে শিক্ষক নেতারা বলেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো হচ্ছে না। শিক্ষকদের এ আন্দোলন সরকারের বিরুদ্ধ নয়। এ আন্দোলন সে সব কুচক্রী মহলের বিরুদ্ধে যারা শিক্ষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার পায়তারা করছে।
 
উল্লেখ্য, শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে এর আগেও বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে গত ২৮ মে মানবন্ধন, ১৮ জুন দুঘণ্টার কর্মবিরতি, ২৮ জুন মানববন্ধন পালন করা হয়েছে। এরই ধারবাহিকতায় রবিবার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়।