নিম্ন আদালতের মামলা দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ প্রধান বিচারপতির

আপডেট : ১৬ আগস্ট ২০১৫, ১৮:৪৫
 
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল এবং বিচার ব্যবস্থা গতিশীল না থাকলে উন্নয়ন সম্ভব নয়।’ তিনি দেশ এবং জনগণের স্বার্থে বিচার ব্যবস্থাকে গতিশীল করতে দীর্ঘদিন ধরে পরে থাকা মামলাগুলো বিচক্ষণতা এবং দ্রুততার সাথে নিষ্পত্তির জন্য নিম্ন আদালতের বিচারকদের নির্দেশ দেন।
 
গত শনিবার রাতে রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের বিচারকদের নিয়ে স্থানীয় সার্কিট হাউজে আয়োজিত বার্ষিক জুডিশিয়াল কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই নির্দেশ দেন।
 

রাজশাহীর সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানমের সভাপতিত্বে কনফারেন্সে রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সভাপতি নাজমুস সাদাত, পাবলিক প্রসিকিউটর ইব্রাহিম হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহীদ আহমেদ, রাজশাহী রেঞ্জ ডিআইজি ইকবাল বাহার, জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি)  কমিশনার মো. শামসুদ্দিন, জেলা পুলিশ সুপার নিসারুল আরিফ, সিভিল সার্জন আব্দুস সোবহান, র্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল মাহমুদ, বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কেএম ফেরদৌস প্রমূখ বক্তব্য রাখেন। এতে রাজশাহী জেলা জজশীপের বিচারক, আইনজীবী প্রতিনিধি ও আইন শৃংখলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।