সিলেটে আলোচিত শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার মামলায় ১৩ জনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। রবিবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সুরঞ্জিত তালুকদার অভিযোগপত্র দিয়েছেন।
গত ৮ জুলাই জালালাবাদ থানা এলাকার বাদেয়ালি গ্রামের সবজি বিক্রেতা শিশু সামিউলকে চোর সন্দেহে আটক করে কুমারগাঁও বাসস্টেশনে দোকানঘরের খুঁটিতে বেঁধে নির্যাতন করে হত্যা করা হয়। একপর্যায়ে সামিউল মারা গেলে লাশ গুম করার চেষ্টা হয়। এ ঘটনার পর নির্যাতনের ওই দৃশ্য ছড়িয়ে পড়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে। দেশে-বিদেশে এ নিয়ে নানা প্রতিক্রিয়া হয়। পরে এ ঘটনায় মামলা করা হয়।
