হত্যা ও পুলিশের উপর হামলার অভিযোগে করা মামলায় জেলার বেগমগঞ্জ উপজেলা বিএনপি ও জামায়াতের ২২ নেতা-কর্মীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার নোয়াখালীর ৩ নং আমলী আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি জেলার বানিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে ২০ দলের নেতা কর্মীদের বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় মহিউদ্দিন বাবুচি ও সিরাজুল হক রুবেল নামের দুইজন গুলিতে নিহত হয় এবং আহত হন ৮-১০ জন পুলিশ সদস্য। এ ঘটনায় পুলিশের উপর হামলা ও হত্যার অভিযোগ এনে বেগমগঞ্জ থানার পুলিশ ২০ দলের ৫৩৭ জন নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে চার্জসিট দাখিল করে। তাদের মধ্যে বিএনপির ১৯ জন ও জামায়াতের দুইজনসহ ২২ জন সাধারণ নেতা-কর্মী রবিবার জামিন নিতে আদালতে হাজির হলে শুনানি শেষে বিচারক তাদের জামিন না মঞ্জুর করেন।
