রাজধানীতে ২ কিশোরীর আত্মহত্যা, বাসের ধাক্কায় নিহত ১

আপডেট : ১৬ আগস্ট ২০১৫, ২০:৩৭
 
রাজধানীতে রবিবার পৃথক ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে দুই কিশোরী আত্মহত্যা করেছে। আর বাসের ধাক্কা মারা গেছে এক বৃদ্ধ।
 
পুলিশ জানায়, খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় নার্গিস আক্তার (১৪) নামের এক কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রবিবার কমিশনার গলির ৭০/এ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
 
নিহত নার্গিস আক্তারের বাবার নাম সেলিম মিয়া। শরীয়তপুরের নড়িয়া ঢালীবাড়ি গ্রামে তাদের বাড়ি। নার্গিস আক্তার মেরাদিয়ার ওই বাসায় তার পরিবারের সঙ্গে থাকতেন।
 
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম জানান, নিজকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন নার্গিস। বেলা সাড়ে ১১টার দিকে তার ছোটবোন স্কুল থেকে বাসায় ফেরে তার ঝুলন্ত মরদেহ দেখে চিত্কার দেয়। পরে তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বনশ্রীর একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিত্সকরা নার্গিসকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
তিনি প্রতিবেশীদের বরাত দিয়ে বলেন, একই বাসার নিচতলার একটি ছেলের সঙ্গে নার্গিস আক্তারে প্রেমের সম্পর্ক ছিল। সমপ্রতি এনিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া হয়েছে। আর এই কারণেই আত্মহত্যা করতে পারে বলে প্রতিবেশীরা ধারণা করছেন।
 
এদিকে, দারুসসালাম থানা এলাকায় জোহরা খাতুন নামে আরেক কিশোরী আত্মহত্যা করেছে।
 
পুলিশ জানায়, নিহতের মা চায়না বেগম রবিবার দারুস দিয়াবাড়ি এলাকায় যান। সেখানে জোহরার বাবা আয়নাল হকের একটি চায়ের দোকান আছে। দুপুরে তিনি খাবার নিয়ে গেলে ফিরে এসে দেখতে পান তার মেয়ে ফ্যানের ঝুলছে। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার মর্গে পাঠায়। আয়নাল হক পুলিশের কাছে আত্নহত্যার কোনো কারণ জানাতে পারেননি।
 
অপরদিকে, দুপুরে বংশালের তাঁতিবাজার এলাকায় বাসের ধাক্কায় শহীদুল্লাহ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
 
বংশাল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুজন কুমার সাহা জানান, বাসের ধাক্কায় গুরুতর আহত শহীদুল্লাহকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে বেলা দেড়টার দিকে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মিরপুরের পশ্চিম সেনপাড়া পর্বতা এলাকার থাকতেন।