শিগগিরই পাটনীতি প্রণয়ন করবে সরকার

আপডেট : ১৬ আগস্ট ২০১৫, ২০:৫১
 
 
বৈচিত্রপূর্ণ ব্যবহারের মাধ্যমে সোনালী আঁশ পাটের গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে এনে দেশে-বিদেশে এর বাজার সম্প্রসারণের লক্ষ্যে শিগগিরই সরকার একটি স্বাধীন পাটনীতি প্রণয়ন করবে।
 
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম রবিবার বাসসকে জানান, মন্ত্রণালয় ইতোমধ্যে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটি স্বাধীন পাট নীতিমালার খসড়া তৈরি করতে নির্দেশ দিয়েছে।
 
তিনি বলেন, ‘আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে এই দৃষ্টিকোণ থেকে জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে হবে। এ ক্ষেত্রে পাট খাতের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অথচ দেশে পাটের কোনো নীতিমালা নেই।’
 

মির্জা আজম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ইতোমধ্যে বিভিন্ন সময়ে পাঁচটি বন্ধ জুট মিল পুনরায় চালু করেছে এবং অন্যান্যগুলো পুনরায় খোলার জন্য প্রক্রিয়াধীন রয়েছে।’