‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না’

আপডেট : ১৬ আগস্ট ২০১৫, ২১:১৯
 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। তিনি আমাদের মুক্তি ও উন্নয়নের পাসপোর্ট দিয়েছেন। তার জন্যই আমরা বাঙালি জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে পরিচয় দিতে পারছি। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না।’ 
 
রবিবার রাজধানীতে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অনুষ্ঠানের আয়োজন করে। 
 
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বিএসসি বলেন, যারা স্বাধীনতা চাননি তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। কিন্তু তাদের সে স্বপ্ন সফল হয়নি। বাংলাদেশের মানুষ তাদের সে স্বপ্ন সফল  হতে দেয়নি। যতদিন বাংলাদেশ থাকবে তত দিন বঙ্গবন্ধুর নাম কেউ বাঙ্গালীর হূদয় থেকে মুছে ফেলতে পারবে না। 
 
মন্ত্রণালয়ের সচিব জনাব খন্দকার মো. ইফতেখার হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য আসলামুল হক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামছুন নাহার। 
 
এ দিকে, রবিবার বিকাল পৌনে ৪টার দিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি সেখানে ১ মিনিট নিরবে দাড়িয়ে থাকেন এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।