জয়াকাহিনি!

আপডেট : ১৭ আগস্ট ২০১৫, ০৩:১৮

এদেশে ছোটপর্দার সবচেয়ে মেধাবী অভিনেত্রী জয়া আহসান পরিণত বয়সেই তার ফিল্ম ক্যারিয়ার শুরু করেছেন। অনেকের মতে, বোধ হয় খানিক দেরিই করে ফেলেছেন ফিল্মের নায়িকা হিসেবে তার পদযাত্রায়। কিন্তু ‘চরিত্রাভিনেত্রী জয়া’? সে তো সব সময়ের জন্য ভয়ঙ্কর কিছু! যার অভিনয় মুগ্ধতায় চোখ ফেরানো মুশকিল। তবে ঢাকাই চলচ্চিত্রে অধিকাংশ পরিচালক তাকে চকলেট হিরোইন হিসেবে কাস্ট করে উল্টোরথে হাঁটানোর চেষ্টা করলেও কলকাতার প্রখ্যাত নির্মাতা সৃজিত তাকে ঠিকঠাক পথেই আসল জয়াকে বের করে আনার চেষ্টা করছেন তা এবার প্রমাণ হতে যাচ্ছে।

 

যদিও এর আগে কলকাতার আরেকটি ছোট বাজেটের ছবিতে জয়া তার অভিনয়ের দ্যুতি অনেকখানি দেখিয়েছেন। কিন্তু এবারে বড় বাজেটের চলচ্চিত্রে একেবারে অন্য জয়া। অনেকেই বলছেন প্রায় তল্পিতল্পা গুছিয়ে জয়া পরিবারসহ কলকাতায় পাড়ি দিয়েছেন যে ব্রত নিয়ে, তা বোধ করি এবারে কোনো একটা সফলতার অঙ্কে মিলতে যাচ্ছে তার ফিল্ম ক্যারিয়ারের পাটিগণিত। দেখা যাক, এখন তো সৃজিতের ‘রাজকাহিনি’র কেবল ট্রেলর বের হলো। দেশভাগের বিশাল প্লট নিয়ে তৈরি এই ছবিটিই হয়তো নতুন ‘জয়াকাহিনি’ হয়ে যেতে পারে!