ছোটপর্দা বা বড়পর্দা, দুই মাধ্যমেই জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। তবে এর বাইরে ছোটপর্দায় একটি নাটক পরিচালনা করেছেন তিনি। নাটকটি প্রচার হয় এনটিভিতে।
তাই ‘পরিচালক’ তকমাটি তার নামে আগেই জুড়ে গেছে। এবার সেই পরিচয়টা আরও ভারি করছেন সাবা। বড়পর্দায় পরিচালক হিসেবে অভিষেক ঘটছে তার।
চলচ্চিত্রের চিত্রনাট্য ও অভিনয় শিল্পী নির্বাচন প্রায় চূড়ান্ত করেছেন তিনি। সাবা তার স্বামী নির্মাতা মুরাদ পারভেজের বেশ কয়েকটি ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন।
কিন্তু এবার ঘটতে যাচ্ছে ঠিক উল্টো। সাবার পরিচালিত এই নতুন ছবিতে অভিনয় করবেন মুরাদ পারভেজ। আর বিষয়টি এরইমধ্যে চূড়ান্ত করা হয়েছে। এছাড়াও অভিনয় করবেন দীপান্বিতা হালদার।
সাবা এ প্রসঙ্গে বলেন, ‘একটি বাস্তব জীবনের গল্প নিয়ে আমার চলচ্চিত্রের চিত্রনাট্য। মুরাদ বেশ সাহায্য করেছে। আমি এখানে অভিনয় করবো না। চলচ্চিত্রে আমি শুধুই পরিচালক।’ সাবা তার ‘দৌঁড়’ ছবিটির কাজ নিয়ে এখন ব্যস্ত আছেন। এই ছবিটি শেষ হলেই নতুন এই ছবিটির কাজে হাত দেবেন।
