চাঁদপুরে হামলার ঘটনায় আটক ৫

আপডেট : ১৭ আগস্ট ২০১৫, ১৪:২৬
 
চাঁদপুরের কচুয়া উপজেলার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে তাদের আটক করা হয়েছে।
 
আটককৃতরা হলেন- পালাখাল ডিগ্রি কলেজের ছাত্র মোজাম্মেল হক, কৃষক আলাউদ্দিন,  শ্রমিক মো. সবুজ, অজি উল্লা ও ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের ছাত্র মো. ইমরান হোসেন।
 
কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল জানান, রাতেই পাঁচ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে মোজাম্মেল হক মামলার এজাহারভুক্ত আসামি। অন্যদের সন্দেহজন হিসেবে আটক করা হয়েছে। সোমবার দুপুরে তাদের চাঁদপুর আদালতে হাজির করা হবে।
 
ওসি জানান, ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র  সরকার বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ২০ জনকে আসামি করা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজি, শিক্ষক ও শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ আনা হয়ছে।
 
জাতীয় শোক দিবসের নামে যুবলীগকর্মী পরিচয়ে কয়েকজন যুবককে চাঁদা না দেওয়ায় ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার এবং হল সুপার ফজলুর রহমানকে শনিবার রাতে লাঞ্ছিত ও মারধর করা হয়। এর প্রতিবাদে রবিবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করলে কয়েকজন যুবক বিদ্যালয়ে তাদের মারধর করে।