ভিসা না পাওয়ায় যেতে পারেননি ৪১৯ হজযাত্রী

আপডেট : ১৭ আগস্ট ২০১৫, ১৫:১৫
 
ভিসা না পাওয়ায় ৪১৯ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে রওনা হতে পারেননি। সোমবার সকালে সরকারি ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইটে তাদের যাওয়ার কথা ছিল।
 
আশকোনা হজ অফিস থেকে বলা হয়েছে, সৌদি দূতাবাসের সার্ভারে ত্রুটির কারণে ভিসা পাওয়া যায়নি। এই যাত্রীদের নতুন করে ফ্লাইটের শিডিউল দেওয়া হবে।
 
হজ অফিসের সহকারী হজ কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, সৌদি দূতাবাসের নতুন সার্ভারে হজযাত্রীদের ছবি সংযুক্ত হচ্ছে না। এ কারণে ভিসা পেতে দেরি হচ্ছে।
 
এবার বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জনের হজ পালনের কথা রয়েছে। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন দুই হাজার ৭০০ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫১ হাজার হজযাত্রী পরিবহন করবে।