কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতার নামে থাকা ১০টি আগ্নেয়াস্ত্রের নিবন্ধন বাতিল করা হয়েছে। জাতীয় শোক দিবসে র্যালি শেষে দু’পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগের এক সমর্থক নিহত হওয়ার জের ধরে সোমবার জেলা প্রশাসক এ সিদ্ধান্ত নেন।
জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন এ খবর নিশ্চিত করে জানান, লাইসেন্স বাতিলের তালিকা পুলিশ সুপারের কাছে দেয়া হয়েছে।
একটি সূত্রে জানা গেছে- এর মধ্যে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আকতারুজ্জামান লাবুর একটি, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সবুজের তিনটি, শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজের দুটি, মিরপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল ওয়াহেদ জোয়ার্দারের একটি, মিরপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক মো. আলী জোয়ার্দারের একটি এবং কুষ্টিয়া পৌর ৬ নম্বর হাউজিং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী মোস্তাফিজুর রহমানের একটি।
গত শনিবার জাতীয় শোক দিবসে জেলা আওয়ামী লীগের র্যালি শেষে সাজ্জাদ হোসেন সবুজ ও মোমিনুর রহমান মোমিজের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সবুজ হোসেন (২৪) নামে আওয়ামী লীগের এক সমর্থক নিহত হন।
