গোপালগঞ্জ সদর উপজেলায় মিনার কাজী (১৫) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে জেলা শহরের স্বর্নকলি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র ছিল।
সোমবার বেলা ১১টার দিকে শহরের তেঘরিয়া এলাকা থেকে পুলিশ ওই ছাত্রের লাশ উদ্ধার করে। মিনার সদর উপজেলার জগাচ্চর গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মুক্তিযোদ্ধা সাহেব আলী কাজীর ছেলে।
সাহেব আলী জানান, মিনার রবিবার এশার নামাজের আগেই ঘর থেকে বের হয়। গভীর রাতেও বাড়ি না ফিরলে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। সোমবার সকালে বাসার পাঁচ শ গজ দূরে নির্মণাধীন গোপালগঞ্জ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজের পাশে তার গলা কাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
জেলার অতিরিক্তি পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্লা তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করা হবে।
