বেশি ত্যাগ করতে হবে না, নির্বাচন দিন: বিএনপি

আপডেট : ১৭ আগস্ট ২০১৫, ১৯:২০
 
‘দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আমি’ শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রীর দেয়া এই বক্তব্যকে সাধুবাদ জানিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘খুব বেশি ত্যাগ স্বীকার করতে হবে না, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করলেই চলবে।’
 
সোমবার দুপুর ১২টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আসাদুজ্জামান রিপন এ কথা বলেন। তিনি বলেন, ‘এমন একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে যাতে সকল দল অংশগ্রহণ করতে পারে এবং জনগণ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারে।’
 
বিরোধী দল ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়ে রিপন বলেন, ‘অবাধ, নিরপেক্ষ নির্বাচন দিলে শেখ হাসিনার রাজনৈতিক পরাজয় ঘটবে না। তার এই ত্যাগের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’
 
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বর্তমান সংসদে জনগণের প্রতিনিধিত্ব নেই। বিরোধীদলও সংসদের নির্বাচিত নয়। মেকি সংসদ নিয়ে  বেশিদিন চলা যায় না। এছাড়া সরকারের নৈতিক কর্তৃত্ব না থাকায় সারাদেশে খুনোখুনির পরিস্থিতি চলছে।’